স্পেনের তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা গুঞ্জন ছড়ায়। কখনও তার ব্যক্তিগত জীবন, কখনও প্রেমের সম্পর্ক—সবকিছু নিয়েই ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার নতুন করে ছড়িয়ে পড়েছে, ১৯ বছর বয়সী এই ফুটবলার নাকি বাবা হতে চলেছেন।
গুঞ্জনের সূত্রপাত হয় ইয়ামালের বর্তমান প্রেমিকা হিসেবে পরিচিত ইনেস গার্সিয়ার একটি টিকটক রি-পোস্টকে ঘিরে। তিনি গর্ভধারণ বিষয়ক একটি ভিডিও শেয়ার করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা শুরু হয়।
ভিডিওটিতে গর্ভবতী নারীদের ছবি এবং একটি আবেগঘন বার্তা ছিল—‘অন্য একটি হৃদয়কে নিজের গর্ভে ধারণ করার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।’ এই পোস্ট দেখেই অনেক নেটিজেন ধারণা করতে শুরু করেন, ইনেস হয়তো কোনো ইঙ্গিত দিচ্ছেন।
তবে এখন পর্যন্ত লামিনে ইয়ামাল বা ইনেস গার্সিয়া—কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গ্রাউন্ড নিউজ এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামাল বাবা হতে যাচ্ছেন—এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত শুধুই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন।
স্পেনের সেভিয়া শহরের বাসিন্দা ইনেস গার্সিয়া একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর। টিকটকে তার ৫ লাখের বেশি এবং ইনস্টাগ্রামে ১ লাখ ৫০ হাজারের বেশি অনুসারী রয়েছে। ফ্যাশন, লাইফস্টাইল, ভ্রমণ ও পোশাকবিষয়ক কনটেন্ট প্রকাশের মাধ্যমে তিনি বেশ পরিচিতি পেয়েছেন।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমেই ইয়ামাল ও ইনেসের পরিচয় এবং সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। এর আগে একটি গুঞ্জন ছড়িয়েছিল যে, একটি স্টোরে ইনেসের ব্যাংক কার্ড কাজ না করায় সেখানে ইয়ামালের সঙ্গে তার প্রথম দেখা হয়। তবে ইনেস নিজেই সেই দাবি নাকচ করে দেন। তার ভাষ্য, সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পরই তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং জনসমক্ষে আসার আগেই কয়েক মাস তারা ব্যক্তিগতভাবে সম্পর্কে ছিলেন।
এদিকে, ইয়ামালকে ঘিরে বাবা হওয়ার খবরটি নিয়ে ব্যাপক আলোচনা চললেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম