এআই দিয়ে তৈরি ভুয়া অ্যাকাউন্ট, জাল পরিচয় এবং অনলাইন প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সাধারণ ব্যবহারকারীদের পরিচয় যাচাইয়ের জন্য বিনামূল্যে নতুন ধরনের ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে না পারলে এই সুবিধা পাওয়া যাবে না।
মেটা জানিয়েছে, নতুন এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে সহজেই বোঝা যাবে কোনো অ্যাকাউন্ট প্রকৃত ব্যক্তির, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া পরিচয়ের। এটি অর্থের বিনিময়ে পাওয়া মেটা ভেরিফায়েড সেবার অংশ নয়; বরং যোগ্য সাধারণ ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর ফেসবুক ওই ভিডিওটি ব্যবহারকারীর প্রোফাইল ছবি ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। যাচাই সফল হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত করা হবে।
মেটার তথ্যমতে, নিচের যেকোনো শর্ত প্রযোজ্য হলে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে না—
পরিচয় যাচাই সম্পন্ন হলে ভেরিফায়েড ব্যাজ শুধু ব্যবহারকারীর ব্যক্তিগত প্রোফাইলেই নয়, ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মেও প্রদর্শিত হবে।
তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কেবল একজন ব্যবহারকারী প্রকৃত ব্যক্তি কি না, সেটি নিশ্চিত করবে। এটি কোনো ব্যক্তির সততা, বিশ্বাসযোগ্যতা বা আচরণের নিশ্চয়তা দেয় না। তাই অনলাইনে লেনদেন, ব্যক্তিগত তথ্য আদান-প্রদান কিংবা নতুন কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে নতুন এই ফিচারটি বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। সফলভাবে পরীক্ষা শেষ হলে পর্যায়ক্রমে অন্যান্য দেশেও সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম