নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হন। ডাকাতরা নগদ বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
বুধবার (২৯ জুলাই) ভোররাতে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা সোনাপুর এলাকার ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের কক্ষের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এ সময় পরিবারের সদস্যদের মারধর করে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে ফেলে।
এরপর আলমারিসহ ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ডাকাতরা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা নগদ এবং আনুমানিক আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ডাকাতদের হামলায় আহত পরিবারের সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই নোয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।
নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সদর সার্কেলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের শনাক্তে অভিযান চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম