লক্ষ্মীপুরে ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতাল ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের জেলা সিভিল সার্জন ডা. বাহারুল আলম।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত মোট ৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩২ জন, কমলনগরে ৩ জন, রায়পুরে ১ জন এবং রামগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ৪৪ জন আক্রান্ত হয়েছেন।
শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ইতোমধ্যে ৬৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে জেলা সদর হাসপাতালে ৪ জন এবং রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ভর্তি রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. বাহারুল আলম বলেন, “লক্ষ্মীপুরে এখনো ডেঙ্গু প্রকট আকার ধারণ করেনি। তবে গত ২৪ ঘণ্টায় ১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম