রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রথমে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয় এবং পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করা হলে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত সোমবার শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। মামলার ১০ নম্বর আসামি আবদুল লতিফ সিদ্দিকীকে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনাকারীদের একজন বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ট্রাইব্যুনালে হাজির করার আগ পর্যন্ত তিনি ডিবির হেফাজতে ছিলেন।
এদিকে, ট্রাইব্যুনালে আবদুল লতিফ সিদ্দিকীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম