ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। রমনা, কামরাঙ্গীরচর ও শ্যামপুর থানায় নতুন ওসি নিয়োগ দিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করেছে ডিএমপি।
বুধবার (২৯ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়াকে রমনা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া, ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পরিদর্শক মুহাম্মদ আজাহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, রদবদলের অংশ হিসেবে রমনা থানার ওসি মোহাম্মদ রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপির নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এ পদায়ন ও বদলির আদেশ কার্যকর করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম