যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে এটি তার প্রথম সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তার এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সফরের প্রথম দিনেই সার্জিও গোরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান কৌশলগত অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী ওয়াশিংটন।
সফরকালে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তার।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা—বিশেষ করে প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে। সার্জিও গোরের এই সফর সেই প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম