বলিউডের বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ধুম ৪’-এ রণবীর কাপুরকে দেখা যাবে—এমন গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন জনপ্রিয় এই অভিনেতা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কন-এ তার আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারণায় অংশ নেন রণবীর কাপুর। এ সময় ‘ধুম ৪’-এ অভিনয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে বলেন, “না, এখন আমি ‘রামায়ণ’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েই কাজ করছি।”
এর আগে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, যশ রাজ ফিল্মসের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির জন্য রণবীর কাপুরকে চূড়ান্ত করা হয়েছে। তবে অভিনেতার সাম্প্রতিক মন্তব্যে সেই সব জল্পনার ইতি ঘটেছে।
বর্তমানে রণবীর কাপুরের ব্যস্ততা দুটি বড় বাজেটের সিনেমা ঘিরে। পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় তিনি রামের চরিত্রে অভিনয় করছেন। ইতোমধ্যে সিনেমাটির দ্বিতীয় পর্বের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে ‘রামায়ণ’-এর প্রচারণায় রণবীরের সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার যশ।
অন্যদিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। বড় বাজেটের এই রোমান্টিক-ড্রামা সিনেমাটি ২০২৭ সালের শুরুতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্ভাব্য মুক্তির তারিখ হিসেবে ২৪ জানুয়ারির কথাও জানিয়েছেন রণবীর।
এদিকে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’-এর সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’ নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে এ সিনেমা সম্পর্কে নতুন কোনো তথ্য দেননি রণবীর। ফলে আপাতত ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজেই মনোযোগ দিচ্ছেন বলিউডের এই তারকা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম