সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগঘন বক্তব্য দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, “আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, হামলায় এনসিপির নেতা সারজিস আলমের গাড়িসহ বহরের কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার জন্য তিনি ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তিনি বলেন, “সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং গাড়িগুলো ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি নাকি বেশি কথা বলি। তাই আজ থেকে আমি আর কোনো কথা বলব না। চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি তারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।”
এদিকে হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম