কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ঘোলপাশা খালাসি মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোনতাসির চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা আবদুল মতিনের নাতি। তাদের গ্রামের বাড়ি পাবনায় হলেও পরিবারটি দীর্ঘদিন ধরে ঢাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কাজে রুজিনা বেগম ছেলে মোনতাসিরকে নিয়ে ঘোলপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন। প্রয়োজনীয় কাজ শেষে চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়।
দুর্ঘটনায় মা-ছেলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোনতাসিরকে মৃত ঘোষণা করেন। পরে রুজিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। আহত মাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নজির আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম