রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকার দুই দিন পর বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) কুষ্টিয়ার দৌলতপুর এবং রাজশাহীর পবা উপজেলার শ্যামপুর বালুঘাট এলাকা থেকে পৃথক অভিযানে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কাউসার আলী এবং তাঁর ছেলে জিয়ারুল। গত মঙ্গলবার রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার পদ্মা নদীতে ঝাউগাছ বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ ছিলেন।
রাজশাহী ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পবা উপজেলার শ্যামপুর বালুঘাট এলাকায় ভেসে ওঠা জিয়ারুলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর এলাকা থেকে কাউসার আলীর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপপরিচালক ফরহাদ হোসেন বলেন, উদ্ধার হওয়া মরদেহ দুটি বর্তমানে নৌপুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নৌপুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, নিহতদের পরিবারের সদস্যরা মরদেহ দুটি শনাক্ত করেছেন। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীর মাঝামাঝি ঝাউগাছ বোঝাই একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় নৌকায় থাকা ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও কাউসার আলী ও তাঁর ছেলে জিয়ারুল নিখোঁজ হন। টানা দুই দিনের অনুসন্ধান শেষে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার হওয়ায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম