সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১ নম্বর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্রামে একটি বাড়িকে কেন্দ্র করে মাদক সেবন ও বখাটেদের আড্ডার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গ্রামের বাসিন্দা সুজন পালের বাড়িতে নিয়মিত মাদকসেবীদের আনাগোনা চলছে, যা নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সুজন পালের বাড়িতে বিভিন্ন ব্যক্তির আড্ডা শুরু হয়। রাত গভীর হলে সেখানে মাদক সেবনের আসর বসে বলে দাবি করেন তারা। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সুজন পালের বাংলা ঘরে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের খালি বোতল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। এলাকাবাসীর দাবি, ওই বাড়িতে নিয়মিত মাদকসেবীদের যাতায়াত রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সুজন পালের সহযোগী হিসেবে বিশ্বনাথ পাল বাবলু, আকাশ পাল, বিদ্যুত পাল ও রাজন দে-সহ কয়েকজন সেখানে নিয়মিত যাতায়াত করেন। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও এলাকায় বিশৃঙ্খল পরিবেশ তৈরির অভিযোগও তুলেছেন তারা।
এলাকাবাসীর দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে যুবসমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
স্থানীয়রা সুজন পালের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে সুজন পালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিযোগগুলো স্থানীয় বাসিন্দাদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম