নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে।
অনশনরত তরুণীর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। অভিযুক্ত নাঈম মিয়া সোনারগাঁ উপজেলার শিংলাবো এলাকার বাসিন্দা এবং হেলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও তরুণীর দাবি অনুযায়ী, প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাসে দীর্ঘদিন সম্পর্ক চললেও সম্প্রতি নাঈম বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর যোগাযোগ এড়িয়ে গেলে বাধ্য হয়ে তিনি প্রেমিকের বাড়িতে এসে অনশনে বসেন।
তরুণীর দাবি, বিয়ের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে নাঈমের মা বলেন, মেয়ের মা এলে এবং সম্পর্কের বিষয়টি প্রমাণিত হলে পারিবারিকভাবে তাদের বিয়ের ব্যবস্থা করা হবে।
অভিযুক্ত নাঈম মিয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পাঠানো ক্ষুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম