টাঙ্গাইলের মধুপুরে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা জালেমন (৬৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত জালেমন ওই গ্রামের মৃত আইজউদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় জালেমন বাড়িতে একাই ছিলেন। পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে লোহাজাতীয় কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। হত্যার পর তার গলার স্বর্ণের চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার এবং ঘরে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতের নাতনি মুসলিমা জান্নাতি বলেন, পরিবারের সদস্যরা বিভিন্ন কারণে বাড়ির বাইরে থাকায় তার দাদি একাই ছিলেন। তিনি দাবি করেন, ব্যক্তিগত কোনো শত্রুতা না থাকায় লুটপাটের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা রাতুল মুন্সি জানান, শুক্রবার রাতে প্রতিবেশীরা ঘরের ভেতরে জালেমনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
অরনখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে হত্যা, লুটের অভিযোগ