প্রিন্টিং তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬প্রকাশের তারিখ: ১ আগস্ট ২০২৬
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে জোবায়েদ (৮) ও শামিম (৫) নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু পাটুলী গ্রামের রিপন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাড়ির পাশে মাছ ধরার পর শরীরে লেগে থাকা কাদা পরিষ্কার করতে দুই ভাই পুকুরে নামে। এ সময় ছোট ভাই শামিম পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু সেও পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ সময় দুই শিশুকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের মা পুকুরে একজনকে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত পানিতে নেমে দুই ভাইকে উদ্ধার করেন।
পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।