জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, জনগণের টাকার এক পয়সাও অপচয় হতে দেওয়া হবে না। উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
শনিবার (১ আগস্ট) ধানকাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু বলেন, এমন মানসম্মত সড়ক নির্মাণ করতে হবে, যাতে আগামী ৫০ বছরেও বড় ধরনের সংস্কারের প্রয়োজন না পড়ে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্প টেকসই ও দীর্ঘস্থায়ী হওয়া নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, “আমি কাজ করতে এসেছি, বাটপারি করতে আসিনি। জনগণের টাকায় কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। প্রতিটি কাজ হতে হবে স্বচ্ছ, মানসম্মত ও টেকসই।”
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পে কোনো ঠিকাদার বা সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
হুইপ অপু বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করা। তাই প্রতিটি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও গুণগত মান বজায় রাখতে হবে।
পরিদর্শনকালে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু নাইম নাবিল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম