বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপ শেষে ইন্টার মায়ামির দুটি ম্যাচে না খেললেও এবার দলে ফিরেছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় রোববার (২ আগস্ট) ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচেই গোলাপি জার্সিতে আবারও দেখা যাবে মেসিকে।
শুক্রবার দলের অনুশীলনে যোগ দেন মেসি ও তার আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পল। ইন্টার মায়ামির প্রধান কোচ গিলের্মো হয়োস নিশ্চিত করেছেন, দুজনই কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থাকছেন।
কোচ বলেন, মেসি ক্লাবে ফেরার পর খুব বেশি সময় হয়নি। তাই তার সঙ্গে বিস্তারিত কথা বলার সুযোগ না হলেও মেসি ও ডি পলের ফেরায় দলের সবাই উচ্ছ্বসিত।
মেসির অনুপস্থিতিতেও দারুণ ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। বিশ্বকাপ বিরতির পর দুটি ম্যাচেই জয় পেয়েছে দলটি। বিরতির আগেও টানা চারটি ম্যাচ জিতেছিল তারা।
বর্তমানে ১৭ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল এসসি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম