বিয়ের পর নতুন উদ্যমে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে শুটিং চলাকালেই গুরুতর চোট পাওয়ায় আপাতত ক্যামেরা থেকে দূরে থাকতে হচ্ছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার অ্যাকশন ও নাচের একটি দৃশ্যে অভিনয়ের সময় নিতম্বে গুরুতর আঘাত পান রাশমিকা। আঘাত এতটাই গুরুতর যে নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু ছিঁড়ে গেছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।
চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তাই একজন অভিনেত্রীর এমন গুরুতর আঘাত চিকিৎসকদেরও বিস্মিত করেছে।
এরই মধ্যে রাশমিকার অভিনীত ‘ককটেল ২’ মুক্তি পেয়েছে। পাশাপাশি ‘রাণাবলী’ সিনেমায় স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে কাজ করছেন তিনি।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। উদয়পুরে রাজকীয় আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে হায়দরাবাদে অনুষ্ঠিত হয় প্রীতিভোজ, যেখানে দক্ষিণী চলচ্চিত্র ও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগেও শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন রাশমিকা। ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালে তার পায়ে চোট লাগে। ওই ছবিতে তিনি বলিউড অভিনেতা সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম