নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় স্থানীয় বিএনপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন যুবদল নেতা আনোয়ার হোসেন (৩২), রিপন মিয়া (২৭), ফারুক (২৭), সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ওসমান (২৪), সেক্রেটারি রিফাত (২৫)সহ অন্তত ১০ জন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেমের ছেলে মুজাহিদের বিরুদ্ধে ছাত্রদলের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এর জেরে ছাত্রদলের কর্মীরা শিবিরের এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
পরে রাত ১১টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়লে জামায়াত ও শিবিরের কর্মীরা স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। এরপর উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম