ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে নাস্তা করার সময় শ্বাসনালিতে খাবার আটকে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শোকবার্তায় তিনি বলেন, ড. দীপ্তি সাহা ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদ। দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় তার অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার বিকেলে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য অধ্যাপক ড. দীপ্তি সাহার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে আনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম