সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা দলের কিশোরী ফুটবলার বনফুল আক্তারের (১২) ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবুল কালাম (৫০) এবং তার ছেলে বাদশা মিয়া (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩১ জুলাই) ভোরে উপজেলার শ্যামারচর এলাকার পেরুয়া গ্রামে ফুটবল অনুশীলনের সময় বনফুল আক্তারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্বশত্রুতার জেরে কয়েকজন নারী-পুরুষ তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বনফুলকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ সেটিকে মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলা রুজুর পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কিশোরী ফুটবলার বনফুল আক্তারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম