লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আট বছর বয়সী শিশু আব্দুর রহমান অল্প সময়েই পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। এক বছরেরও কম সময়ে কুরআন হিফজ সম্পন্ন করে সে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে। তিনি হাজিরহাট আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগের শিক্ষার্থী।
পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে আব্দুর রহমান আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগে ভর্তি হয়। এর আগে অন্য একটি মাদ্রাসায় প্রায় ছয় মাস অধ্যয়ন করে ১৫ পারা কুরআন মুখস্থ করেছিল। পরে বর্তমান মাদ্রাসায় ভর্তি হয়ে বাকি ১৫ পারা মুখস্থ করে এক বছরেরও কম সময়ে সম্পূর্ণ কুরআনের হাফেজ হয়।
আব্দুর রহমান জানায়, তার বাবার ইচ্ছা ছিল তাকে হাফেজ হিসেবে গড়ে তোলা। সেই স্বপ্ন পূরণে সে আন্তরিকভাবে পড়াশোনা করেছে। শিক্ষকদের সহযোগিতায় আজ সে হিফজ সম্পন্ন করতে পেরেছে। ভবিষ্যতে একজন আলেম হয়ে ইসলামের খেদমত করারও ইচ্ছা প্রকাশ করে সে সবার কাছে দোয়া চেয়েছে।
আব্দুর রহমানের বাবা আবুল কালাম বলেন, তার দুই ছেলের মধ্যে ছোট ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন পূরণ হয়েছে। এতে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং ছেলেটি যেন একজন আদর্শ মানুষ ও ইসলামের খাদেম হিসেবে গড়ে উঠতে পারে, সেই দোয়া চান।
আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, মাত্র আট বছর বয়সে আব্দুর রহমানের কুরআনের হাফেজ হওয়া মাদ্রাসার জন্য গর্বের বিষয়। তিনি জানান, আব্দুর রহমান অত্যন্ত মেধাবী, নম্র ও পরিশ্রমী। তার জন্য সবাই দোয়া করছেন, যেন আল্লাহ তাআলা তাকে সারাজীবন কুরআনের আলোকে জীবন পরিচালনার তাওফিক দান করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম