কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহাকে দলে ভেড়াতে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলো। তার জার্সিতে পারিবারিক নামের পরিবর্তে ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহারের সুযোগ দিতে চিলির ফুটবল কর্তৃপক্ষ (এএনএফপি) দীর্ঘদিনের একটি নিয়ম পরিবর্তন করেছে। তবে নানা প্রশাসনিক জটিলতায় এখনো আনুষ্ঠানিকভাবে তার দলবদল সম্পন্ন হয়নি।
এর আগে চিলির ক্লাব ফুটবলে খেলোয়াড়দের জার্সিতে শুধুমাত্র পারিবারিক পদবি ব্যবহারের নিয়ম ছিল। কিন্তু গত শুক্রবার এএনএফপির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে সেই নিয়ম সংশোধন করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোজিনহা চাইলে নিজের ডাকনামই জার্সিতে ব্যবহার করতে পারবেন।
৪০ বছর বয়সী এই গোলরক্ষকের পুরো নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। তবে আন্তর্জাতিক ফুটবলে তিনি ‘ভোজিনহা’ নামেই পরিচিত। কোলো-কোলোতে যোগ দেওয়ার শর্তগুলোর অন্যতম ছিল নিজের পরিচিত এই নামটি জার্সিতে ব্যবহারের অনুমতি পাওয়া।
চলতি সপ্তাহে কোলো-কোলো তাকে নতুন মৌসুমের গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে ঘোষণা দেয়। গত মঙ্গলবার সান্তিয়াগোতে পৌঁছানোর কথা থাকলেও ভিসা-সংক্রান্ত জটিলতায় তার সফর বিলম্বিত হয়। পরে বৃহস্পতিবারও তিনি নির্ধারিত ফ্লাইটে উঠতে না পারায় তার দলবদল নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে ক্লাবটির পরিচালক হাইমে পিসারো জানিয়েছেন, চুক্তি বাতিল হওয়ার কোনো আশঙ্কা নেই। তার ভাষ্য, ভোজিনহার এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ব্যক্তিগত কিছু বিষয় সমাধানের জন্যই তিনি সময় নিচ্ছেন।
এদিকে কোলো-কোলোর সভাপতি আনিবাল মোসা জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়নি। তবে ক্লাবের কোচ ফের্নান্দো অর্তিস ভোজিনহার সঙ্গে সরাসরি কথা বলেছেন।
অর্তিস বলেন, “আমরা তার সঙ্গে কথা বলেছি। সে খুবই ইতিবাচক এবং কোলো-কোলোতে যোগ দিতে উচ্ছ্বসিত। সাধারণত সে খুব বেশি আবেগ প্রকাশ করে না, তবে এখানে আসার ব্যাপারে বেশ রোমাঞ্চিত। আশা করছি, ব্যক্তিগত কাজ শেষ করে খুব দ্রুতই সে দলের সঙ্গে যোগ দেবে।”
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম