ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি বিশ্বকাপ জয়। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে সেই গৌরবের অংশ ছিলেন ডিফেন্ডার বেঞ্জামিন মেন্দি। তবে এবার আলোচনায় এসেছেন নিজের বিশ্বকাপজয়ী ট্রফির অফিসিয়াল রেপ্লিকা নিলামে বিক্রি করে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সান–এর প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনের ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট–২’-এ মেন্দির বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাটি ৬২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। একই নিলামে ২০১৮ বিশ্বকাপ জয়ের পর সতীর্থ পল পগবার কাছ থেকে উপহার পাওয়া একটি মূল্যবান আংটিও বিক্রি করেছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) রাতে নিজের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ট্রফি বিক্রির বিষয়টি নিশ্চিত করেন মেন্দি। এ নিয়ে সমালোচনার জবাবে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “এটা কি আমার ট্রফি, নাকি আপনাদের? এটা আমারই ট্রফি। আমি চাইলে এর সঙ্গে যা খুশি করতে পারি। তাছাড়া এটি আমার ক্যাবিনেটে অনেক জায়গা দখল করে রেখেছিল।”
মেন্দি নিলামে বিক্রির সনদও প্রকাশ করেন। তিনি জানান, তার সংগ্রহে আরও বেশ কিছু ট্রফি রয়েছে এবং সেগুলোর কিছু বিক্রিরও ইঙ্গিত দেন। পাশাপাশি নিজের ক্যারিয়ারে জেতা আরও কয়েকটি ট্রফিও অনুসারীদের সামনে প্রদর্শন করেন।
বর্তমানে ৩২ বছর বয়সী এই ফরাসি ডিফেন্ডার পোল্যান্ডের ক্লাব পোগোন শেচিনের হয়ে খেলছেন। ২০২১ সালে ম্যানচেস্টার সিটিতে থাকাকালে তার বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার একাধিক অভিযোগ ওঠে। দীর্ঘ সময় আইনি জটিলতা ও কারাগারে থাকার পর মুক্তি পেলেও এরপর আর আগের ছন্দে ফিরতে পারেননি। পরে তিনি লরিয়েন্ত ও জুরিখের মতো ক্লাবেও খেলেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম