দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চমবার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবারও এই দায়িত্ব পেয়েছেন।
শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী কাজী সালাহউদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনের ফল প্রকাশের পর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে কাজী সালাহউদ্দিনকে অভিনন্দন জানায় সাফ। এক বার্তায় সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ার ফুটবল উন্নয়নে তার নেতৃত্ব, দূরদর্শিতা ও অবিচল অঙ্গীকারের স্বীকৃতি হিসেবেই তিনি আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা শূন্যপদের বেশি না হলে সংশ্লিষ্ট প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন।
উল্লেখ্য, আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না। তবে গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সেই বিধিনিষেধ তুলে দেওয়া হয়। ফলে এবারও নির্বাচনে অংশ নিতে তার আর কোনো বাধা ছিল না।
এদিকে এবারের কংগ্রেসে সাফের নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বও বেড়েছে। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি এবং মালদ্বীপের হুসাইন শাফিউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম