গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মীরের নেতৃত্বে আওয়ামী লীগের ১৬ জন নেতাকর্মী দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রহমান মীর। তিনি জানান, ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে তিনি এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীরা দলীয় সব ধরনের দায়িত্ব ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এস এম শহিদুল ইসলাম চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সামচুদ্দোহা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবজাল মাসুদ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্যসহ মোট ১৬ জন নেতাকর্মী।
সংবাদ সম্মেলন শেষে আব্দুর রহমান মীর বলেন, “আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজকের পর আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও থাকবে না।”
তিনি আরও বলেন, দেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় নিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম