রাঙামাটির আসামবস্তী ব্রাহ্মণটিলা এলাকায় একটি পেঁপে বাগানের ৮০০ গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয়রা।
শনিবার (১ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে শহরের বনরূপা সিএনজি স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে কাঁঠালতলী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বনরূপায় এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজু। বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য হাবিব আজম এবং ক্ষতিগ্রস্ত বাগানের মালিক খলিলুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, বাগান মালিকের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় শুক্রবার দিবাগত রাতে বাগানের প্রায় ৮০০টি পেঁপে গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। ঘটনার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারেরও দাবি জানান তারা।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক খলিলুর রহমান জানান, গত ২২ ও ২৩ জুলাই তার বাগানের কেয়ারটেকারের কাছে ফোন করে চাঁদা দাবি করা হয়। কেয়ারটেকার মালিকের ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয়। পরে গত মঙ্গলবার দুই ব্যক্তি বাগানে এসে তার খোঁজ করেন। এর দুই দিন পর রাতের আঁধারে ১ হাজার ৮০০ গাছের মধ্যে ৮০০টি গাছ কেটে ফেলা হয়।
তিনি বলেন, “ঘটনার পর আমি দিশেহারা হয়ে পড়েছি। এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছি।”
সমাবেশে বাগান মালিক, স্থানীয় বাসিন্দা এবং পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম