নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ১০৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকেই দলটির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
শুক্রবার (৩১ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আমীরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটনের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সাবেক সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনিকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুল আলম টিপু, আবুল কালাম আজাদ, আমানুর রশিদ জুয়েল, সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন, আনিসুর রহমান শিশির, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, মজিবুর রহমান এবং ব্যারিস্টার মাহজেরিন মোশাররফ মৌ। এছাড়া সাবেক সংসদ সদস্য ড. নাদিয়া বিনতে আমিন, কৃষিবিদ মিছবাহুজ্জামান চন্দনসহ মোট ৯৪ জনকে সদস্য করা হয়েছে।
কমিটি প্রকাশের পর তৃণমূলের একাংশ অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা এবং রাজনৈতিক প্রতিকূল সময়ে সক্রিয় থাকা কয়েকজন নেতাকে মূল্যায়ন করা হয়নি। অন্যদিকে অনেকেই নতুন কমিটিকে সাংগঠনিক পুনর্গঠনের একটি পদক্ষেপ হিসেবে দেখছেন।
এদিকে জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মণ্ডল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘হঠকারী সিদ্ধান্তের বলি হইলাম’ লিখে পোস্ট দিলে সেটি নিয়েও শুরু হয় ব্যাপক আলোচনা। পোস্টের মন্তব্যে নেতাকর্মী ও সমর্থকদের অনেকেই কমিটি নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন। উপজেলা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন গ্রুপেও কমিটির পক্ষে-বিপক্ষে নানা মতামত দেখা যায়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বড় আকারের এই আহ্বায়ক কমিটি এবং তা ঘিরে প্রকাশ্য মতবিরোধ সংগঠনের অভ্যন্তরীণ সমন্বয়ের বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। তাদের মতে, তৃণমূলের মতামত ও আপত্তিকে গুরুত্ব দিলে সাংগঠনিক সংকট অনেকটাই কমানো সম্ভব হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম