পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে এক সনাতনী নারীর ছবি ও ভিডিও এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে কুৎসা রটানোর অভিযোগে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (১ আগস্ট) দুপুরের পর ‘পঞ্চগড় জেলার সচেতন সনাতন ধর্মাবলম্বী’ ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের সোনালী ব্যাংক এলাকা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব অন্যদা প্রসাদ রায়, দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় এবং সনাতনী সম্প্রদায়ের সদস্য দীপ্তি রানী ও কল্পনা রানী।
বক্তারা দাবি করেন, এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।
পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে প্রচার করা হয়েছে, যা সনাতন সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং অস্থিরতা তৈরির অপচেষ্টা।
কল্পনা রানী বলেন, একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে সনাতন সম্প্রদায় ও প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করছে। তিনি দাবি করেন, তাদের সম্প্রদায় অতীতেও প্রতিমন্ত্রীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
হরিশ চন্দ্র রায় বলেন, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
দীপ্তি রানী ও কল্পনা রানী বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে সনাতন সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে সমবেত হন। পরে প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সনাতন সম্প্রদায়ের নেতারা প্রতিমন্ত্রীকে জড়িয়ে প্রচারিত কথিত ভুয়া তথ্য ও ভিডিওর প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম