ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিচিতি পান কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। প্রথম সিনেমাতেই দর্শকদের প্রশংসা কুড়িয়ে বড়পর্দায় নিজের অবস্থান শক্ত করেন তিনি। এবার এই অভিনেত্রীকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে ছোটপর্দায় সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন মহালয়া উপলক্ষে দেশের একটি শীর্ষস্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’-তে দেবী দুর্গার রূপে দেখা যেতে পারে ইধিকা পালকে। যদিও এ বিষয়ে অভিনেত্রী কিংবা সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে প্রাথমিক আলোচনা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে।
ছোটপর্দা থেকে অভিনয়জীবন শুরু করলেও বড়পর্দায় সাফল্য পাওয়ার পরও টেলিভিশনের প্রতি আলাদা টান রয়েছে ইধিকার। ব্যস্ত সিনেমা ক্যারিয়ারের কারণে নিয়মিত নাটক বা ধারাবাহিকে অভিনয়ের সুযোগ না থাকলেও বিশেষ আয়োজনের অনুষ্ঠানে তাকে দেখা যেতে পারে বলেই আলোচনা চলছে।
এদিকে, ছোটপর্দার সম্ভাব্য প্রত্যাবর্তনের পাশাপাশি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন ইধিকা। একই সঙ্গে ‘দেশু ৭’ সিনেমার একটি গানেও তাকে দেখা যাবে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
তবে এসব প্রকল্পের কোনোটি নিয়েই এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি ইধিকা পাল। ফলে মহালয়ার বিশেষ আয়োজনে দেবী দুর্গার রূপে তার উপস্থিতি সত্যি হচ্ছে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম