সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) মো. মোশাররফ হোসেনের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুলাই অনুষ্ঠিত বগুড়া জেলা কর্মপরিষদের বৈঠকে মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পর্যালোচনা করা হয়। ওই বৈঠকের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির তার রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।
সংগঠনটি জানিয়েছে, সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মো. মোশাররফ হোসেনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। ভবিষ্যতে তার ব্যক্তিগত বক্তব্য, কর্মকাণ্ড বা কোনো কার্যক্রমের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের নীতি ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে কেউ জড়িত হলে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম