সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় এক প্রভাষককে হাতেনাতে আটক করেছে সিলেট শিক্ষা বোর্ড। এ সময় তার কাছ থেকে পরীক্ষার খাতা জব্দ করা হয়।
আটক ইকবাল হোসেন সোহান সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বন্ধুদের সঙ্গে শাবিপ্রবির প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র নিয়ে কাজ করছিলেন তিনি। অভিযোগ রয়েছে, বস্তা থেকে খাতা বের করে তার সঙ্গে থাকা দুই বন্ধুও উত্তরপত্র দেখছিলেন। স্থানীয়দের দাবি, এর আগেও একই স্থানে তাকে পরীক্ষার খাতা নিয়ে বসতে দেখা গেছে।
খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে উত্তরপত্রগুলো জব্দ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে প্রভাষক ইকবাল হোসেন সোহান দাবি করেন, তিনি উত্তরপত্র মূল্যায়ন করছিলেন না; কাজের চাপ থাকায় শুধু কোড নম্বর মিলিয়ে দেখছিলেন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, চায়ের দোকানে বসে পরীক্ষার খাতা নিয়ে কাজ করার অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্ত পরীক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, এ ঘটনায় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত প্রভাষক শিক্ষা বোর্ডের হেফাজতে রয়েছেন এবং পরবর্তী প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম