এক সপ্তাহের ব্যবধানে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস। সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে একটি মিম পোস্টকে কেন্দ্র করে দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কৃষি অনুষদের প্রথম বর্ষের (ব্যাচ-৬৫) শিক্ষার্থীদের একটি মেসেঞ্জার গ্রুপে ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) নির্বাচনকে কেন্দ্র করে একটি মিম পোস্ট করা হয়। ওই পোস্ট নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা ধীরে ধীরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
পরে অনলাইনের সেই বিরোধ আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী হলের দিকে ধাওয়া দেন। পরে সোহরাওয়ার্দী হলের একদল শিক্ষার্থী ভাসানী হলে গিয়ে ভাঙচুর চালান।
সংঘর্ষে অন্তত চার শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে একজন মাথায় আঘাত পান, অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারের চিকিৎসক ডা. আমিনুল মতিন জানান, আহতদের অবস্থা গুরুতর নয়। কাউকেই উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়নি।
সহকারী প্রক্টর মাহবুবুল প্রতীক সিদ্দিক বলেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থীরা নিজ নিজ হলে অবস্থান করছেন।
ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, এর মাত্র এক সপ্তাহ আগেও একই দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরপর দুই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম