রাজধানীতে অবৈধ ভিওআইপি ব্যবসা, জিএসএম গেটওয়ে ডিভাইস ব্যবহার এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিপুল পরিমাণ প্রযুক্তি সরঞ্জাম, সক্রিয় সিমকার্ড, বিদেশি মদ ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন— ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) ও শে ই রান (৪২)।
ডিবি জানায়, শনিবার (১ আগস্ট) রাতে সাইবার ক্রাইম বিভাগের একটি বিশেষ দল রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, বিভিন্ন মোবাইল অপারেটরের ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, ২০টি জিএসএম গেটওয়ে মেশিন, ২৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ঝর্না চাকমা জিয়ানা একটি ভবন ভাড়া নিয়ে এর চতুর্থ ও পঞ্চম তলা চীনা নাগরিকদের ব্যবহারের জন্য দেন। সেখানে অবস্থান করে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ভিওআইপি কার্যক্রম এবং অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করছিলেন।
প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, চক্রটি সাধারণ মানুষের মোবাইলে চাকরি, বিশেষ অফার বা অতিরিক্ত আয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বার্তা পাঠাত। ওই বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীরা প্রতারণার ফাঁদে পড়ে যেতেন।
পুলিশ আরও জানায়, আইনি নজরদারি এড়াতে চক্রটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করত। একটি মোবাইল ডিভাইসের সঙ্গে একাধিক সিম স্লট যুক্ত করে একসঙ্গে ১২টি সিম পরিচালনা করা হতো। ফলে প্রতারণার অভিযোগ এলেও প্রযুক্তিগত জটিলতার কারণে সংশ্লিষ্ট ডিভাইসের আইএমইআই নম্বর শনাক্ত করা কঠিন হয়ে পড়ত।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম