দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আমিন খান। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে তার প্রত্যাবর্তন ঘটছে। একই সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের।
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত মহরত অনুষ্ঠানে সিনেমাটির শিল্পী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে আমিন খান ও মধুমিতার পাশাপাশি অভিনয় করবেন রোজিনা, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, আজমেরী হক বাঁধন, শিবা শানু, মুকিত জাকারিয়াসসহ আরও অনেকেই।
দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফেরার অনুভূতি জানিয়ে আমিন খান বলেন, উপযুক্ত গল্প ও সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। নির্মাতা মোহাম্মদ ইকবালের গল্প ও পরিকল্পনা ভালো লাগায় সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। দর্শকদের জন্য একটি মানসম্মত সিনেমা উপহার দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে ঘিরে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মধুমিতা সরকার, যেখানে তিনি এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করবেন। গল্পে দেখা যাবে, কোনো অপরাধ না করেও ক্ষমতাবানদের ষড়যন্ত্রের শিকার হন তিনি।
বাংলাদেশের দর্শকদের কাছে মধুমিতা অপরিচিত নন। ২০১৬ সালে মোশাররফ করিমের সঙ্গে একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন তিনি। তবে এটি হবে তার প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। মহরত অনুষ্ঠানে অংশ নিতে তিনি শুক্রবার কলকাতা থেকে ঢাকায় আসেন।
অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর শিকদার। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও নানা কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু হচ্ছে।
নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, আগামী নভেম্বর বা ডিসেম্বর থেকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের কোনো এক ঈদে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
মহরত অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, নির্মাতা ও অভিনয়শিল্পীরাও উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন কাজী হায়াত, অনন্ত জলিল, হেলাল খান, শাহীন সুমন, ছটকু আহমেদ এবং প্রযোজক খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম