টানা বৃষ্টিপাত ও উজানের ঢলের প্রভাবে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। তবে জেলার সব পর্যবেক্ষণ কেন্দ্রেই পানির স্তর এখনও বিপৎসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রোববার (২ আগস্ট) সকাল ৯টার পানির স্তর বুলেটিনে জানানো হয়, সুরমা নদীর সুনামগঞ্জ স্টেশনে পানির উচ্চতা ৬ দশমিক ৭২ মিটার, যা বিপৎসীমার চেয়ে ১ দশমিক ০৮ মিটার নিচে রয়েছে। একই নদীর ছাতক স্টেশনে পানির স্তর ৭ দশমিক ৮৯ মিটার, যা বিপৎসীমার তুলনায় ৮১ সেন্টিমিটার কম।
এছাড়া লাউরেরগড় স্টেশনে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৪৬ মিটার, যা বিপৎসীমার চেয়ে ১ দশমিক ৫৯ মিটার নিচে। দিরাই স্টেশনে পানির উচ্চতা ৬ দশমিক ২৮ মিটার, যা বিপৎসীমার তুলনায় ৮৫ সেন্টিমিটার কম রয়েছে।
পাউবোর বুলেটিনে জগন্নাথপুর ও সোলামানপুর স্টেশনের কিছু তথ্য অসম্পূর্ণ থাকায় ওই দুটি স্টেশনের পানির অবস্থান সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
গত ২৪ ঘণ্টায় জেলার মধ্যে সবচেয়ে বেশি ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জ সদরে। এছাড়া লাউরেরগড়ে ৭১ মিলিমিটার, ছাতকে ২৯ মিলিমিটার এবং দিরাইয়ে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ-নদীর পানি ধীরে ধীরে বাড়লেও এখন পর্যন্ত জেলার কোথাও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম