দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাইদুর রহমান খান। রোববার (২ আগস্ট) তিনি দুদকে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইদুর রহমান খান বলেন, দুদককে আরও কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে নিয়ে কাজ করবেন। তিনি জানান, কমিশন গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সার্চ কমিটির কার্যক্রম শেষ হলে শিগগিরই নতুন কমিশন গঠন করা হবে।
তিনি বলেন, দুদককে ঘিরে অতীতে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করে ন্যায়বিচার ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর করার লক্ষ্যেই কাজ করা হবে।
এর আগে গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা সাইদুর রহমান খান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স এবং শিক্ষায় এমএ সম্পন্ন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম