কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়ায় খিরাই নদীর ওপর নির্মিত একটি পুরোনো বেইলি ব্রিজ হঠাৎ ভেঙে ইটবোঝাই একটি বাল্কহেডের ওপর পড়ে গেছে। দুর্ঘটনার সময় বাল্কহেডে থাকা চালক, সুকানি, সহকারীসহ ১৭ শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। তবে ব্রিজ ধসে পড়ায় ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফলে কয়েকটি উপজেলার হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।
বাল্কহেডের মালিক ও সুকানি জুয়েল পাটোয়ারী জানান, ঢাকার জিঞ্জিরা থেকে প্রায় ৪০ হাজার ইট নিয়ে তারা গন্তব্যে যাচ্ছিলেন। শনিবার সন্ধ্যায় খিরাই নদ দিয়ে খামারপাড়া বেইলি ব্রিজের নিচে পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দে পুরো ব্রিজটি বাল্কহেডের ওপর ভেঙে পড়ে। এতে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের বাল্কহেডটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক কাশেম মিয়া জানান, প্রাণে রক্ষা পেলেও তাদের মোবাইল ফোন, নগদ টাকা, কাপড়সহ ব্যক্তিগত সব মালামাল নদীতে ভেসে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় ছিল। বর্ষার পানিতে পাটাতনে মরিচা ধরে নষ্ট হয়ে গেলেও স্থায়ী সংস্কার করা হয়নি। এর আগেও একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।
ব্রিজটি ধসে পড়ায় দাউদকান্দির পাশাপাশি চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম