সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে স্থানীয়দের সহায়তায় আরও দুজনের মরদেহ উদ্ধার হওয়ার মধ্য দিয়ে উদ্ধার অভিযান শেষ হয়।
উদ্ধার হওয়া দুজন হলেন—পূর্ব ভবানীপুর এলাকার হেমেন্দ্র দেবনাথ (৩৫) ও অধীর দেবনাথ (৩৫)। এর আগে শনিবার (১ আগস্ট) ফায়ার সার্ভিসের ডুবুরি দল একই এলাকার সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, শুক্রবার রাতে পূর্ব ভবানীপুর এলাকা থেকে ৯ জন একটি নৌকায় করে পাশের ভরাউট গ্রামে হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার সময় মইয়ার হাওরের বালুচর এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।
ঘটনার পর শনিবার দিনভর সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রথম দিনে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সকালে স্থানীয়দের সহায়তায় হাওরের অন্য স্থান থেকে বাকি দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের প্রতিটি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি অন্যান্য সহায়তাও নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম