নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোমেন মিয়া (৫৫) নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন— মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) ও রুহুল আমিন (৩৭)। তারা বর্তমানে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও পরে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলার সময় মোমেন মিয়াকে মাথা ও পায়ে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, মোমেন মিয়াকে হাসপাতালে আনার সময় তার শরীরে কোনো পালস বা রক্তচাপ পাওয়া যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের সংঘর্ষে মোমেন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম