ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্বে জো রুটের প্রত্যাবর্তন ক্রিকেটবিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টও এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তার মতে, অধিনায়ক হিসেবে রুটের আগের অধ্যায়ের সমাপ্তি এবং এরপর ব্যাট হাতে দারুণ সাফল্যের পর আবার নেতৃত্বে ফেরা কিছুটা অপ্রত্যাশিত।
ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেন, “অধিনায়ক হিসেবে রুটের অধ্যায় যেভাবে শেষ হয়েছিল এবং এরপর যেভাবে তিনি নিজের পারফরম্যান্সে মনোযোগ দিয়েছেন, তাতে তাকে আবার নেতৃত্বে দেখা সত্যিই বিস্ময়কর।”
২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ হারের পর টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল জো রুটকে। তখন টানা দুই বছরে ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় ছিল মাত্র একটি, যার দায়ভার গিয়ে পড়ে তার নেতৃত্বের ওপর।
তবে নতুন করে দায়িত্ব পাওয়ার পেছনে রয়েছে রুটের অভিজ্ঞতা ও নেতৃত্বের রেকর্ড। ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ ৬৫টি টেস্টে অধিনায়কত্ব করে তিনি দলকে ২৭টি জয়ের স্বাদ দিয়েছেন, যা এখনো দেশের রেকর্ড।
তবু দেশের প্রয়োজনে আবারও দায়িত্ব নেওয়ায় রুটের প্রশংসা করেছেন গিলক্রিস্ট। তিনি বলেন, “সম্ভবত ইংল্যান্ড মনে করেছে এই মুহূর্তে রুটের চেয়ে ভালো বিকল্প নেই। দেশের স্বার্থে আবার নেতৃত্ব নেওয়ার সিদ্ধান্ত প্রশংসার দাবিদার।”
বেন স্টোকসের অবসরের পর অনেকেই ধারণা করেছিলেন, টেস্ট দলের নতুন অধিনায়ক করা হবে হ্যারি ব্রুককে। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আপাতত সেই পথে হাঁটেনি।
ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি জানিয়েছেন, তিন সংস্করণের ক্রিকেটে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য হ্যারি ব্রুককে পর্যাপ্ত সময় দিতেই আপাতত অভিজ্ঞ জো রুটের হাতে টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম