বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো অর্থে নতুন অর্থবছরের শুরুতেই বড় সুখবর মিলেছে। ২০২৬ সালের জুলাই মাসে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) প্রায় ৩৫ হাজার ১৬১ কোটি ৭৬ লাখ টাকা। একই সঙ্গে প্রবাসী আয় আহরণে দেশের ব্যাংকগুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে, যার পরিমাণ ৪৫ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, তাদের মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার। এরপর রয়েছে ব্র্যাক ব্যাংক (২৭ কোটি ৩ লাখ ৪০ হাজার ডলার), অগ্রণী ব্যাংক (২৪ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ডলার) এবং ট্রাস্ট ব্যাংক (২১ কোটি ৫০ লাখ ডলার)।
প্রবাসীদের পাঠানো এই বিপুল বৈদেশিক মুদ্রা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতির বিভিন্ন খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম