বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অদিতি শর্মা। মুম্বাইয়ের গোরেগাঁও থানায় দায়ের করা এ মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত ৩১ জুলাই দায়ের করা মামলায় অভিযুক্ত করা হয়েছে অদিতির স্বামী অভিনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিককে।
অভিযোগে অদিতি দাবি করেছেন, বিয়ের কিছুদিন পর থেকেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। তাকে মারধর, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ এবং বিয়ের গয়না আত্মসাতের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি।
পুলিশকে দেওয়া বক্তব্যে অভিনেত্রী জানান, ২০২১ সালের জুনে একটি অনলাইন অভিনয় কর্মশালায় অভিনীতের সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তারা একসঙ্গে বসবাস শুরু করেন এবং একই বছরের ১২ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন।
অদিতির ভাষ্য, বিয়ের পর স্বামীর আচরণ দ্রুত বদলে যায়। ছোটখাটো বিষয় নিয়েও নিয়মিত অশান্তি হতো। তিনি অভিযোগ করেন, সংসারের খরচে সহযোগিতা না করে উল্টো স্বামী প্রায়ই তার কাছ থেকে টাকা নিতেন।
অভিনেত্রীর দাবি, ২০২৫ সালের শুরুতে এক তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের পর থেকে স্বামী তার চরিত্র নিয়ে সন্দেহ করতে থাকেন। নিয়মিত মোবাইল ফোন তল্লাশি করা হতো, এমনকি পরকীয়ার অভিযোগও তোলা হয়। পরে স্বামী আলাদা ঘরে থাকতে শুরু করেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
এছাড়া অদিতির অভিযোগ, তাকে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতেও বাধা দেওয়া হতো। বিয়ের সময় পাওয়া সোনার চেইন, আংটি, হীরার আংটি ও বালাসহ মূল্যবান গয়নাগুলো শাশুড়ি নিজের কাছে রেখে দেন এবং বারবার চাইলেও ফেরত দেননি।
অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গোরেগাঁও থানার পুলিশ মামলাটি তদন্ত করছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম