পাবনার ঈশ্বরদীতে দোকানে চুরির সময় গণপিটুনিতে সুমন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোকান মালিক ও তার দুই ছেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মো. হাবিবুল মণ্ডলের দোকানে একদল ব্যক্তি চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় দোকান মালিক হাবিবুল ও তার ছেলে শাকিল মণ্ডল বাধা দিলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় হাবিবুল, শাকিল এবং সাহান মণ্ডল গুরুতর আহত হন।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আহত হাবিবুল মণ্ডল, শাকিল মণ্ডল ও সাহান মণ্ডলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তোহিদুল ইসলাম তুহিন বলেন, সুমন এলাকায় ‘চোর সুমন’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকদিন আগেও তিনি তার পরিবারের কয়েকজন সদস্যকে কুপিয়ে আহত করেছিলেন। সর্বশেষ চুরির সময় দোকান মালিক ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করার পর স্থানীয়দের গণপিটুনিতে তিনি নিহত হন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চুরির সময় দোকান মালিক ও তার ছেলেদের আহত করার পর স্থানীয়দের গণপিটুনিতে সুমনের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম