ঢাকার ধামরাই উপজেলায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ পপি রাণী সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী লিটন সরকারের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
রোববার (২ আগস্ট) গভীর রাতে উপজেলার গোমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত লিটন সরকার পেশায় একজন সিএনজিচালক এবং তিনি দুই সন্তানের জনক।
নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, লিটন সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পারিবারিক বিরোধের একপর্যায়ে তিনি স্ত্রী পপি রাণীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ির বাথরুমের সামনে ফেলে রাখা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।
তিনি আরও জানান, অভিযুক্ত স্বামীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম