আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগের নিয়মেই পরিচালিত হবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং মেধা ও শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী কলেজে ভর্তি নিশ্চিত করা হবে।
সোমবার (৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গত বছরের মতো এবারও ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির প্রস্তাব রেখে নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, সারা দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। অন্যদিকে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। ফলে এবারও উচ্চমাধ্যমিক পর্যায়ে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
তবে নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী আগের মতোই নিজস্ব ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম