জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিবসটির তাৎপর্য তুলে ধরতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করতে হবে। একই সঙ্গে দিবসটির ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম