যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভ্রমণের সময় নিজের সব ধরনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে সেই ব্যয় নিজেকেই বহন করতে হবে। তাই দেশটিতে যাওয়ার আগে পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি রাখা জরুরি।
মার্কিন দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে এর গুরুতর ও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা কাজের সুযোগ হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে।
দূতাবাসের এই বার্তায় ভ্রমণকারীদের দায়িত্বশীল আচরণ এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভ্রমণসংক্রান্ত নিয়মকানুন মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম