দেশের বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। প্রথম ধাপে হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারককে মোট ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা এলসি খোলাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন। সবকিছু ঠিক থাকলে সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই ভারত থেকে কাঁচামরিচ দেশে প্রবেশ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন কমে গেছে। ফলে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়ে কাঁচামরিচের দাম প্রতি কেজি ৩০০ টাকারও বেশি হয়েছে। এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানির অনুমতি চাওয়া হয়েছিল, যা সরকার অনুমোদন দিয়েছে।
তিনি আরও বলেন, আমদানি শুরু হলে বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়বে এবং দামও ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, সরকারের অনুমোদনের পর ১০ জন আমদানিকারক কাঁচামরিচ আমদানির সুযোগ পেয়েছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তারা আমদানি কার্যক্রম শুরু করতে পারবেন।
উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম