বিশ্বনাথ প্রতিনিধি:
ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
সভায় গণমিছিলের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ১১ দলীয় ঐক্য বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার সমন্বয়ক মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা নায়েবে আমীর ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ পৌরসভা আহ্বায়ক মো. সাইফুল আলমসহ ১১ দলীয় ঐক্যের উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পালন করা হবে। এ লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ পরিবেশে গণমিছিল আয়োজনের বিষয়ে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যদিকে, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা সহায়তার আশ্বাস দেন এবং সবাইকে আইন মেনে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম